চট্টগ্রামে তির্যকের নাট্যমেলা, মঞ্চস্থ হবে ‘তরঙ্গভঙ্গ’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
আাাগামী ২৫ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে তির্যক নাট্যমেলা। ৫ দিনব্যাপী এ নাট্যমেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ‘যুক্ত করো হে সবার সঙ্গে, যুক্ত করো হে বন্ধ’ এই শ্লোগানে ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় নাট্যমেলা ও তির্যকের নাট্য-স্মারক প্রদর্শনী উদ্বোধন করবেন বাংলা নাটকের বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী ও মামুনুর রশীদ। শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহামুদ। মেলায় প্রতিদিন সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে মঞ্চনাটক। বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড-এর সহযোগিতায় প্রতিদিন টিআইসি-র মুক্তমঞ্চ, লেকচার থিয়েটার ও গ্যালারিতে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে জমকালো এই নাট্যমেলা। নাট্যমেলায় উদ্বোধনী মঞ্চে পরিবেশিত হবে তির্যক নাট্যদল প্রযোজিত সৈয়দ ওয়ালী উল্লাহ’র নাটক ‘তরঙ্গভঙ্গ’। আমেনা নামের অতি দরিদ্র এক মেয়ে ক্ষুধার জ্বালায় হত্যা করেছে তার আদরের শিশু সন্তানকে এবং কঠিন রোগে মরণাপন্ন ওষুধ বিহীন প্রিয়তম স্বামীকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে ধূতরা বিষ খাইয়ে হত্যা করে। বিচারালয়ের কাঠগড়ায় আমেনা অবিচলিত। কিন্তুু জজ সাহেব বিষণ্ন ও অন্তর্বাস্তবতায় ক্ষতবিক্ষত। আসলে তিনি এখানে আমাদের অসম সমাজ-ব্যবস্থার প্রকৃত স্বরূপটি ধরতে পেরেছেন। সমাজে যা কিছু সচরাচর ঘটে তার ক্রিয়া-প্রতিক্রিয়া একই ধারায়, একই তরঙ্গে আবর্তিত। তারপরও প্রশ্ন জাগে এবং অসঙ্গতি দৃষ্ট হয়। তাই মানবিক ও নৈতিক বিষয়-বিবেচনায় এই প্রবহমান ধারার বিপরীতে নতুন দৃষ্টিভঙ্গির একটি মঞ্চভাষ্য ‘তরঙ্গভঙ্গ’। ‘তরঙ্গভঙ্গ’ নাটকে অভিনয়ে এবং নেপথ্যে রয়েছেন- রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহবুবুল ইসলাম রাজিব, মফিজুর রহমান, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, কিরীটি সাহা, প্রবাল বড়ুয়া, সাইদুর রহমান চৌধুরী, নুসরাত জাহান, ফারজানা ইসলাম টিনা ও আহমেদ ইকবাল হায়দার।

