ন ডরাই-এর উন্নতি ৮ থেকে ১৮
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
কক্সবাজার সমুদ্রে সার্ফিং বোর্ডে ভেসে বেড়ানো এক নারীর জীবনের সত্য ঘটনা অবলম্বনে স্টার সিনেপ্লেক্স নির্মাণ করেছেন ছবি তাদের প্রথম ছবি ‘ন ডরাই’। গত ২৯ নভেম্বর সারাদেশের মাত্র ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত এই ছবিটি। তখনই তারা জানিয়েছিলেন, দর্শক গ্রহণ করলেই ছবিটির হল সংখ্যা আস্তে আস্তে বাড়বে। হয়েছেও তাই। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটির হল সংখ্যা দাড়িয়েছে ১৮ টিতে। আজ (২০ ডিসেম্বর) সারদেশের প্রায় ১৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ন ডরাই’। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, ন ডরাই এর উপর দিয়ে ব্যাপক ঝড়-ঝাপটা যাচ্ছে। তারপরও থেমে থাকেনি ছবিটি। কারণ ছবিটি ভয়কে জয় করার কথা বলে বিজয়ের কথা বলে। শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলার বিষয় চূড়ান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স (পান্থপথ, ধানমণ্ডি ও মহাখালী), ব্লকবাস্টার, শ্যামলী, বলাকা, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, আলমাস, সিনেমা প্যালেস, পটিয়ার ছন্দ সিনেমা, কক্সবাজারের বিজিবি অডিটোরিয়াম, সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি, বরিশালের অভিরুচি, বগুড়ার মম ইন, টাঙ্গাইলের মালঞ্চ, মানিকগঞ্জের নবীন প্রভৃতি প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল ও শরিফুল রাজ। সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, ও বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত।

