আলোচনার ইস্যু সাধারণ সম্পাদক পদ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৪
ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনকে সামনে রেখে এখন আলোচনার শীর্ষে রয়েছে কে হচ্ছেন দলের পরবর্তী সাধারণ সম্পাদক। এরই মধ্যে ৭/৮ জন নেতার নাম আলোচনায় উঠে এসেছে দলের এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদটিতে। আওয়ামী লীগের সম্মেলনের প্রধান চমক থাকে দলের সাধারণ সম্পাদক পদ নিয়ে। প্রতিটি সম্মেলনেই এটা হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। দলের সব স্তরের নেতাকর্মীর দৃষ্টি এখন এই পদের দিকে। এ নিয়ে চলছে দলের ভেতরে-বাইরে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ। দলীয় সূত্র বলছে, এ পদে সম্ভাব্যদের তালিকায় বর্তমান সাধারণ সম্পাদকসহ আলোচনায় আছেন আরও অন্তত ৭/৮ জন নেতার নাম। দলের ভেতরে এই নেতাদের সমর্থকেরা তাদের নিয়ে যেমন আলোচনা করছেন পাশাপাশি দলের বাইরেও রাজনৈতিক অঙ্গনে আছে গুঞ্জন। সম্মেলনের দ্বিতীয় দিন, আজ শনিবার রাতে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। তবে আওয়ামী লীগের পরবর্তী তিন বছরের জন্য সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনার শীর্ষে আছেন বর্তমানে যিনি আছেন ওবায়দুল কাদের। এর পরে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নাম নামও আলোচনায় রয়েছে। দলীয় একটি সূত্র বলছে, আবারও এ পদের দায়িত্ব পাচ্ছেন এবং দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন বলে জোর আলোচনা চলছে দলের ভেতরে। তবে ড. আবদুর রাজ্জাকের আসার সম্ভাবনাকেও গুরুত্বের সঙ্গে দেখছেন অনেকে। এর আগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম পরপর দুই মেয়াদে এই পদে দায়িত্ব পালন করেছেন। দলের নির্ভরযোগ্য সূত্র বলছে, সাধারণ সম্পাদকের বিষয়টি চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন, সাধারণ সম্পাদক পদটির বিষয়ে আগে থেকে কোনো ধারণা করা যায় না। দলের দ্বিতীয় সর্বোচ্চ এই পদটির জন্য অনেকের আগ্রহ আছে এবং থাকে। এ পদের জন্য অনেক যোগ্য নেতা আওয়ামী লীগে আছেন। কিন্তু এ পদের দায়িত্ব কে পাবেন তা একান্তই দলের সভাপতি শেখ হাসিনা নির্ধারণ করবেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাধারণ সম্পাদক ঠিক করবেন নেত্রী (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। তিনি-ই সিদ্ধান্ত নেবেন কে সাধারণ সম্পাদক হবেন! আওয়ামী লীগে নেতা হওয়ার মতো, সাধারণ সম্পাদক হওয়ার মতো অনেক যোগ্য লোক আছেন। নেত্রী যাকে ডিসাইড করবেন তিনিই হবেন পরবর্তী সাধারণ সম্পাদক।

