জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে – প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪০
দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কী পেলাম- সে চিন্তা না করে দেশের প্রতিটি নাগরিকের যে অধিকার তা পূরণে আমাদের কাজ করতে হবে। নাগরিকদের যে মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা- এসব পূরণে আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অধিবেশনের উদ্বোধন করেন তিনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। দলের নেতাকর্মীদের সেই মানসিকতা ধারণ করতে হবে। তিনি বলেন, মানুষ যেন স্বতস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা সেই বিশ্বাস নিয়ে কাজ করতে চাই। আ. লীগ সভাপতি শেখ হাসিনা, সম্পাদক কাদের: নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সেই সঙ্গে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক করা হয়েছে ওবায়দুল কাদেরকে। দলের ২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাড়ে ৭ হাজার কাউন্সিলর তাদের নির্বাচিত করেন। আগামী তিন বছরের জন্য তারা দায়িত্ব পেলেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দলের কাউন্সিলরা সমস্বরে তাতে সমর্থন জানান। দলের নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ নতুন কমিটি ঘোষণা করেন। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন নেতা নির্বাচনের সময় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। সমর্থন করেন আবদুর রহমান। দু’জনই বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। ৩৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। ওবায়দুল কাদের ২০১৬ সাল থেকে দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। দুই দিনের সম্মেলনে গতকাল শনিবার ছিল শেষ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর এতে অংশ নেন। কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের বাত্সরিক বাজেট, সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র কাউন্সিলরদের কণ্ঠভোটে পাস হয়েছে।

আরও পদ পেয়েছেন যারা: কাউন্সিল থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে নতুন কমিটির সভাপতিমণ্ডলী ও উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে পুরনো অনেকেই নিজ নিজ স্থান ধরে রেখেছেন। কেউ কেউ কমিটিতে পদক্রমে উত্তরণও পেয়েছেন। নতুন কমিটিতে যারা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন, তারা হলেন-সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম এ বছর মারা গেছেন। এই পদ থেকে এবার বাদ পড়েছেন কেবল রমেশ চন্দ্র সেন। আর নতুন করে যুক্ত হয়েছেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম। আগের কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক নানক ও আব্দুর রহমান নতুন কমিটিতে জায়গা করে নিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে। বাকি দু’জন হানিফ ও দীপু মনি ধরে রেখেছেন নিজেদের পদ। আর আগের কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে থাকা বাহাউদ্দিন নাছিম এই কমিটিতে উঠে এসেছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।
সম্পাদকমণ্ডলী: আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং স্বাস্থ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. রোকেয়া সুলতানা।
সাংগঠনিক সম্পাদক: আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন ও মির্জা আজম। এর মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বি এম মোজাম্মেল হক আগের কমিটিতেও একই পদে ছিলেন। আর আগের কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাকি দু’জন।
প্রসঙ্গত, শুক্রবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হয়। গতকাল শনিবার কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

