কেউ আমাদের মাথা কিনতে পারবে না: ড. কামাল
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৩:৩০
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জনগণকেই দেশের মালিক হিসেবে দেখতে চান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘কেউ আমাদের মাথা কিনতে পারবে না। কারণ, বাঙালির মাথা কেউ কিনতে পারে না। কিছু লোককে কায়দা করে স্বল্প সময়ের জন্য বাগে নিতে পারে। কিন্তু ধরে রাখতে পারে না।’গত শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যাশা পুনব্যক্ত করেন। ড. কামাল হোসেন বলেন, ‘এটা আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে বলব, স্বাধীনতার ৫০ বছর তো হতে চলছে। এবার জনগণকে সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিক হিসেবে দেখতে চাই।’ তিনি বলেন, ‘সারাদেশ থেকে এখানে ডেলিগেটসরা আসছেন। ফিরে গিয়ে বসে থাকলে চলবে না। একেবারে প্রত্যেক ইউনিয়নে মিটিং করেন। উপজেলায় মিটিং করেন। জেলায় জেলায় মিটিং করেন। ড. কামাল হোসেন বলেন, ‘তারা (সরকার) এতো উন্নয়ন উন্নয়ন যে করে কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে কত টাকা বিদেশ থেকে ঋণ নেওয়া হচ্ছে। কত টাকা বিদেশে পাচার করা হচ্ছে। আমরা আইয়ুব খানের সময় দেখেছি, তারা উন্নয়নের বক্তব্য দিয়ে দিয়ে, আবার তাদের পতনও দেখেছি। অর্থাৎ উন্নয়নের বক্তব্য দিতে দিতে যে পতন হয়, সেটার তো সব চেয়ে বড় উদাহরণ আইয়ুব খান।’
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে গণফোরাম সভাপতির অভিযোগ, ‘শিক্ষার মান উন্নত হচ্ছে না। কেন হচ্ছে না? দলীয়করণ। এটা আমাদের বড় রোগ। যেসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাদের মানের ভিত্তিতে নয়, দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়।’
জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসীন রশিদ, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন ও বিকল্প ধারার সভাপতি নুরল আমীন বেপারীসহ অনেকেই।

