রাশেদসহ ভিসি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগী এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্নব বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অনুমতি ছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটনোর উদ্দেশে ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারের অপরাধে অর্নব ওই দু’জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬ , ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়। ওসি হুমায়ুন কবির আরও জানান, পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ মামলাটির তদন্ত করবে।
এর আগে গত ২৬ ডিসেম্বর ভিপি নুরসহ ২৯ জনের শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বি এম সাব্বির। গত ২২ ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ডাকসু ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অভিযোগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। এতে ভিপি নুরসহ তার অনুসারী বেশ কয়েকজন আহত হন। হামলার ঘটনায় ভিপি নুরের পক্ষ থেকে ছাত্রলীগের ৩৭ জনকে আসামি করে মামলা করা হয়। মামলার প্রধান আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিনজনকে গ্রেফতার করে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

