ঢাকা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণাঃ উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক
উত্তরদক্ষিণ অনলাইন সংস্করন । ২৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৫০
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। উত্তর সিটি করপোরশনের জন্য তাবিথ আউয়াল আর দক্ষিণের জন্য সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। ২০১৫ সালে ঢাকা সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার দুই প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তাবিথ ও মির্জা আব্বাস। কিন্তু এবার নির্বাচনে আগ্রহই দেখাননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগ্রহী তিন প্রার্থী তাবিথ আউয়াল, আসাদুজ্জামান রিপন ও ইশরাক হোসেনের সঙ্গে কথা বলে দুই সিটির জন্য দুজনকে চূড়ান্ত করেন বিএনপির স্থায়ী কমিটি। তাবিথ আউয়াল সাবেক ব্যবসায়ী নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ।
শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র বলছে, মূলত, ২৩ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উত্তর সিটি করপোরেশনের জন্য তাবিথ আউয়াল এবং দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ইশরাক হোসেনকে চূড়ান্ত করে বিএনপির হাইকমান্ড। তবে বিষয়টিকে গণতান্ত্রিক মোড়ক দিতে বাছাই প্রক্রিয়ার ভেতর দিয়ে যায় বিএনপি।বিএনপির দলীয় সূত্র জানায়, ২৬ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়। এ দিন ঢাকা উত্তরের জন্য দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য তাবিথ আউয়াল দলীয় ফরম কেনেন। দক্ষিণের জন্য দলীয় একাই ফরম কেনেন ইশরাক হোসেন। ফলে দক্ষিণের জন্য ইশরাক হোসেন চূড়ান্ত হয়েই ছিলেন। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা। আর উত্তরের আগ্রহী দুই প্রার্থীর মধ্যে তাবিথ আউয়ালই এগিয়ে ছিলেন। অবশেষে তাকেই দলীয় মনোনয়ন দিল বিএনপি। গত নির্বাচনে ঢাকার সাবেক মেয়র বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার আর নির্বাচনে আগ্রহ দেখাননি। দলও চাচ্ছিল উত্তরের মতো দক্ষিণেও তরুণ কোনো নেতাকে দলীয় মনোনয়ন দিতে। সে হিসেবে ঢাকার সাবেক মেয়র সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনকেই বেছে নিল বিএনপি। এখন দেখার অপেক্ষা নৌকার মাঝি কারা হন এবং তাদের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী হতে পারেন কিনা ধানের শীষের নবীন প্রার্থীরা।

