অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের বড় হার
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১১:০৮
বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন আনুষ্ঠানিকতাও হয়ে গেল। নিউজিল্যান্ডকে ২৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। তবে সতীর্থদের ব্যর্থতার মাঝেও সেঞ্চুরি করা টম ব্লান্ডেল বুক চিতিয়ে ব্যাটিং করেছেন। ম্যাচসেরা হয়েছেন ত্রাভিস হেড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। ত্রাভিস হেডের ১১৪, স্টিভেন স্মিথের ৮৫, টিম পেইনের ৭৯ ও মার্নাস ল্যাবুশানের ৬৩ রানের ইনিংসে ভর করে ৪৬৭ রান তোলে। জবাবে প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনের বোলিং তোপে ১৪৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৩১৯ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ৫ উইকে হারিয়ে ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৮৮ রানের। যেটা তারা পেরিয়ে যেতে পারেনি। পারবে কী করে? এক ব্লানডেল ছাড়া আর কেউ যে ৩৩ রানের বেশি করতে পারেনি। ৩৩ রান করেন হেনরি নিকোলস। ২৭টি রান আসে মিচেল স্যান্টনারের ব্যাট থেকে। ২২ রান করেন বিজে ওয়াটলিং। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

