পঞ্চগড়ে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি: জনজীবন বিপর্যস্ত
উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১২:১৪
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এতে স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন। দিন দিন তাপমাত্রা আরও কমে আসায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষের পাশাপাশি জেলার নিম্ন আয়ের মানুষ। এদিকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা ও কুয়াশা। সকাল ও রাতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত শনিবার (২৮ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) তা কমে চারের ঘরে নেমে আসে। গতকাল রবিবার চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জানুয়ারির প্রথম সপ্তাহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পূর্বভাস রয়েছে। এদিকে সকালের শুরুতেই সূর্যের মুখ দেখা গেলেও তেমন উত্তাপ ছিল না। দীর্ঘদিন পর সূর্যের ঝলমলে রোদে ক্ষণিকের স্বস্তি ফিরে আসে জনমনে। রোদের আলোতে বসে উষ্ণতা নিতে দেখা যায় শীতার্ত মানুষদের। শৈত্যপ্রবাহের দাপটে দিনের বেলা অনেকেই প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। বেশিরভাগ রোগীই শিশু ও বৃদ্ধ। প্রতিদিন শতাধিক রোগী বহির্বিভাগ থেকে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরছেন। গুরুতর অসুস্থরাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩০-৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়।

