ঢাকা সিটিতে নৌকার মাঝি দক্ষিণে তাপস, উত্তরে আতিকুল

ঢাকা সিটিতে নৌকার মাঝি দক্ষিণে তাপস, উত্তরে আতিকুল

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১০:৩৮

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল- আওয়ামী লীগ। দক্ষিণ সিটি করপোরশনের জন্য ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের জন্য বর্তমান মেয়র আতিকুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন। ফলে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দক্ষিণের বর্তমান মেয়র ও অবিভক্ত ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।

রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার দুই সিটির জন্য নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  পাশাপাশি তিনি দুই সিটির ওয়ার্ড কাউন্সিলরদের নামও ঘোষণা করেন এসময়। গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিন্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বাদ দেওয়া হয়।

রোববার সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার আগে সমর্থকদের নিয়ে ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে উপস্থিত হন আতিক ও তাপস। সভাপতিমণ্ডলীর কক্ষে গিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসেন তারা। মনোনয়ন অনেকটা নিশ্চিত হওয়ায় বাইরে তখন চলতে থাকে কর্মী-সমর্থকদের তুমুল স্লোগান। মেয়র পদে মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা মনোনয়ন বোর্ডে ছিলেন, তারা প্রার্থীদের জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। গ্রহণযোগ্যতার দিকটি বিবেচনায় নিয়েছেন। সবার সম্মতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে বাড়তি কিছু বলার নেই।

দুই সিটির মেয়র পদের পাশাপাশি ঢাকা উত্তরে ৫৪ এবং দক্ষিণে ৭৫ ওয়ার্ড সাধারণ কাউন্সিলর পদে সমর্থিতদের নামও সংবাদ সম্মেলনে ঘোষণা করেন ওবায়দুল কাদের। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থিতদের নাম সোমবার (৩০ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে তিনি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading