চলতি বছর মাতাতে পারে যেসব ছবি
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪২
তানজিলা সুমি: শুরু হয়ে গেছে নতুন বছর। পুরোনো গ্লানিকে ভুলে নতুন বছরকে বরণ করে নিয়েছে সবাই। বাদ নেই চলচ্চিত্র অঙ্গনও। তবে বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্র বাজারে মন্দা ভাব বিরাজ করছে। গত বছর সব মিলিয়ে মুক্তি পেয়েছে প্রায় ৫৭টি ছবি। এর মধ্যে বেশকিছু আলোচিত হলেও ব্যবসায় সফল হয়েছে একটি ছবি। নাম পাসওর্য়াড। গত বছরের সবকিছু ভুলে, চলচ্চিত্রবোদ্ধারা আশা করছেন, নতুন বছরে নতুন কিছু হবে। ঘুরে দাঁড়াবে চলচ্চিত্রের বাজার। ব্যবসার মুখ দেখবে চলচ্চিত্রপাড়া। সেই আশায় বুক বাঁধতে পারেন দর্শক-ভক্তরাও। চলুন তবে দেখে নেয়া যাক, চলতি বছরে মুক্তি পেতে এমন কিছু ছবির বিস্তারিত।

কাঠবিড়ালি: চলতি বছরের শুরুটা হবে কলকাতার ছবি দিয়ে। মাসের মাঝখানে এসে মুক্তি পাবে বাংলাদেশের ছবি। নাম ‘কাঠবিড়ালি’। ছবিটির বিশেষ প্রদর্শনীতে চমক দেখিয়েছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। সাধারণত ছবির বিশেষ প্রদর্শনীতে শোবিজাঙ্গনের তারকারা থাকলেও ‘কাঠবিড়ালি’র ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতার গ্রামের সাধারণ মানুষেরা। যা দর্শকদের নজরে পরেছে। আর তাই তো ছবি নিয়ে তাদের আগ্রহও দেখা যাচ্ছে বেশ। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘আবার বসন্ত’ খ্যাত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ১৭ তারিখ।

পাপ-পূণ্য: চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে বেশ কয়েকটি ছবি। যার মধ্যে একটি হচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’। লাভ থ্রিলার ছবিটির মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখবেন নবাগত শাহনাজ সুমি। তার সঙ্গে থাকবেন সিয়াম আহমেদ, আফসানা মিমি,চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।

জ্বীন: ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পূজা-সজল ও রোশান-মুন। এতে ভৌতিক চরিত্রে দেখা যাবে পূজাকে। যার পোস্টার ইতমধ্যেই দর্শকদের পছন্দ হয়েছে।

পরাণ: ভালোবাসা দিবসে মুক্তি পাবে রায়হান রাফির ৩য় ছবি ‘পরাণ’। কিছুদিন আগেই ছবিটির পোস্টার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পে ছবিটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান।

বীর: গত বছরের ন্যায় এ বছরটিতেও থাকতে পারে সুপারস্টার শাকিব খানের রাজত্ব। মুক্তি পেতে পারে তার অভিনীত বেশ কয়েকটি ছবি। যার মধ্যে একটি হচ্ছে ‘বীর। নিজের প্রযোজিত ছবিটিতে শাকিবের সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকে। ইতমধ্যেই ছবিটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। যা চারিদিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পোস্টারটি নিয়ে হয়েছে আলোচনা-সালোচনা। তবে যাই হোক না কেন এটি যে দর্শকহূদয়ে জায়গা করে নিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। কাজী হায়াত পরিচালিত ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের মার্চ মাসে।

রিকশা গার্ল: মার্চ মাসে মুক্তি পেতে পারে অমিতাভ রেজার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’ বা ‘নাইমার রঙ’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট নাট্যাভিনেত্রী মোমেনা চৌধুরীর কন্যা নভেরা রহমান। মিতালী পার্কিন্স এর বেস্টসেলার বই রিকশা গার্ল অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এতে অভিনয় করছেন মোমেনা চৌধুরী, গুলশান আরা চম্পা, নরেশ ভূঁইয়া, নাসির উদ্দিন খান, এলেন শুভ্র, রূপকথা, অশোক বেপারীসহ আরও অনেকেই।

বিশ্বসুন্দরী: চলতি বছরে মুক্তি পাবে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। এতে এই প্রথম জুটি বেঁধে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পরীমনি।

মিশন এক্সট্রিম: রোজার ঈদে মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’এর সিক্যুায়েল ‘মিশন এক্সট্রিম’। এই ছবিটি নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। পুলিশ অ্যাকশন থ্রিলার ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। ‘কপ ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত ছবিটিতে কেন্দীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সঙ্গে ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলাসহ অনেকে।

ঢাকা ২০৪০: ভবিষ্যতের ঢাকা কেমন হবে, তা চলতি বছর দেখাতে পারেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। নানা চমকে ভরপুর থাকবে ছবিটি। এতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া ও তাসকীন রহমান।

অপারেশন সুন্দরবন: সুন্দরবনের জলদস্যু নির্মূল নিয়ে র্যাবের সার্বিক সহযোগিতায় দীপংকর দীপন চলতি বছরের কোরবানি ঈদে মুক্তি দিতে পারেন আরেকটি ছবি ‘অপারেশন সুন্দরবন’। তারকাবহুল এই ছবিতে আছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, তাসকিন ও মনোজ কুমার। বর্তমানে এর শুটিং চলছে।

বিউটি সার্কাস: নাট্যনির্মাতা মাহমুদ দিদারের নতুন ছবি ‘বিউটি সার্কাস’। ২০১৬ সালে এর নির্মাণ শুরু হলেও এখনো মুক্তির আলো দেখেনি ছবিটি। আশা করা যায় চলতি বছরের পহেলা বৈশাখে মুক্তি পাবে ছবিটি। গত বছর প্রকাশিত হয়েছিল ছবিটির টিজার। যা দেখে দর্শকদের আগ্রহের তালিকায় চলে আসে ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত প্রমুখ।

হাওয়া: টিভি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি এটি। সমুদ্রে দুঃসাহসিক যাত্রার কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজসহ অনেকে।

মেকআপ: চলতি বছরের মুক্তির তালিকায় রয়েছেন অনন্য মামুনের ‘মেকআপ’ ছবি। সম্প্রতি ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা। যেখানে ‘সুপারস্টার নায়ক’ শাহবাজ খান চরিত্রে অভিনয় করছেন তুখোড় অভিনেতা তারিক আনাম খান। মিডিয়ার গল্প নিয়েই নির্মিত ছবিটিতে আরও অভিনয় করবেন জিয়াউল রোশান। মিডিয়াতে যারা কাজ করেন ক্যামেরার সামনে আসার আগে মেকআপ পরিবর্তন করেন। ওই মেকআপের অন্তরালের কাহিনিই সিনেমায় উঠে আসবে।

ক্যাসিনো: এই প্রথম শাকিব খানের বাইরে এসে অভিনয় করলেন শবনম বুবলী। ছবির নাম ‘ক্যাসিনো’। আর তাই তো ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন ‘আব্বাস’ খ্যাত অভিনেতা নিরব। সৈকত নাসির পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসকিন আহমেদ। ২০২০ সালের মাঝামাঝি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিটির।
এছাড়া চলতি বছর মুক্তি পেতে পারে সৈকত নাসিরের আকবর (ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা), রায়হান রাফী পরিচালিতর ইত্তেফাক, স্বপ্নবাজী, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, নুরুল আলম আতিকের মানুষের বাগান, তানভীর মোকাম্মেলের রূপসা নদীর বাঁকে, নঈম ইমতিয়াজ নেয়ামুলের জ্যাম ও গাঙচিল, বেলাল সানীর ডেঞ্জার জোন, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’, সাইফ চন্দনের ‘ওস্তাদ’, অঞ্জন আইচের নির্মাণে ইমন-মম ও সূচনা আজাদ অভিনীত ‘আগামীকালসহ বেশকিছু চলচ্চিত্র।

