বর্ষবরণ ২০২০
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪০
চোখ ধাঁধানো আতশবাজি, আনন্দ ও উল্লাসের সঙ্গে নতুন আশা-আকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে ২০২০ সালকে বরণ করে নিচ্ছে বিশ্ব। দেশে দেশে বিভিন্ন শহরের কেন্দ্রস্থল, পর্যটন কেন্দ্র আর গুরুত্বপূর্ণ সড়কগুলো হয়ে উঠেছে জনসমুদ্র। বর্ণিল আয়োজন আর উৎসবের মধ্য দিয়েই চলছে নতুন বছরকে স্বাগত জানানোর পালা।
পুরাতনকে আমরা বিদায় জানাই। তাই ২০১৯-কেও বিদায়। নতুনকে বরণ করাও এক চিরায়ত স্বাভাবিক রীতি। তাই স্বাগত ২০২০। ভালোয়-মন্দয় মিলিয়ে চলে গেল ২০১৯ সালটি। আমরা আশা করবো, পুরাতন বা সদ্য বিদায় নেওয়া বছরে আমাদের যত অপ্রাপ্তি তার পূরণ হবে নতুন বছরে। বিদায়ী বছরে কী আমাদের ব্যক্তি জীবনে, কী আমাদের রাষ্ট্রীয় জীবনে, সবটুকুই হয়তো ভালো ছিল না, প্রত্যাশিত ছিল না। কিন্তু এটা তো সত্য যে, যাই ঘটুক না কেন, আমাদের এগিয়ে চলার চেষ্টা অব্যাহত ছিল। সব স্বপ্ন হয়তো পূরণ হয়নি, ব্যর্থতার গ্লানিও আছে কিন্তু তারপরও থেমে ছিল না কিছুই। এগিয়ে চলার, সামনে যাওয়ার নিরন্তর প্রয়াস আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, নতুন বছরকে বরণ করার প্রেরণা যোগাচ্ছে।
২০২০ সালকে আমরা সানন্দচিত্তে স্বাগত জানাই। এই বছরটি মুজিববর্ষ হিসেবে পালিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মুজিববর্ষে বাঙালিচিত্ত হরষে থাকুক – এটাই আমরা চাই । ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো’ই ছিল বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন। তিনি চেয়েছেন ‘সোনার বাংলা’ এবং ‘সোনার মানুষ’। বাঙালি শুধু বাঙালি হয়ে থাকবে না, ‘মানুষ’ হবে – এটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন এবং বিশ্বাস। তাঁর সেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ ২০২০ সালে কয়েক ধাপ এগিয়ে যাক – এ প্রত্যাশাই করি বছরবরণের মুহূর্তে।
আমরা আশা করব, সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্ষেত্রের দায়িত্বশীল ব্যক্তিরা নতুন বছরটিকে শান্তি-সমৃদ্ধিময় ও তাৎপর্যপূর্ণ করে তুলবেন।
উত্তরদক্ষিণ পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

