ব্রাজিলের জরিমানায় ফেসবুক
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৮
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পিছু ছাড়ছে না ডেটা কেলেঙ্কারি । এবার মাধ্যমটিকে গ্রাহকের তথ্যের অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে ব্রাজিলের জাস্টিস অ্যান্ড পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়। চার লাখ ৪৩ হাজার ব্যবহারকারীর ডেটা অন্যের সঙ্গে শেয়ারের অভিযোগে মাধ্যমটিকে ১৬ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির ওই মন্ত্রণালয়। মন্ত্রণালয় ফেসবুকের ডেটা কেলেঙ্কারির এই ঘটনা কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে জড়িত বলে রায় দিয়েছে। দেশটির ইএফই নিউজ এক প্রতিবেদনে বলেছে, ফেসবুক ইনকর্পোরেট এবং ফেসবুক সার্ভিকস অনলাইন থেকে ব্যবহারকারীদের ওই তথ্য নেওয়া হয়েছে এবং সেগুলোর অপব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে। সংবাদমাধ্যমে গত বছরের এপ্রিলে প্রথম প্রতিবেদন প্রকাশ হবার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ব্রাজিল। তদন্ত করে তারা এর প্রমাণও পায়।এর আগে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়। এরপর সেটি গত ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যবহার করে বলে খবর প্রকাশ পায়। এরপর থেকেই ফেসবুকের বিরুদ্ধে বিভিন্ন দেশ অভিযোগ করতে থাকে। স্থানীয়ভাবে অনেক দেশে জরিমানাও গুণতে হয় মাধ্যমটিকে।ব্রাজিলে জরিমানা নিয়ে কোনো মন্তব্য করেনি ফেসবুক।

