রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ১০ আসামির বিচার শুরু
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:৩৬
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ অভিযোগপত্রভুক্ত প্রাপ্তবয়স্ক ১০ আসামির সবার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান অভিযোগপত্রের শুনানি শেষে বুধবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বলে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন।
তিনি বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আদালত ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন রেখেছেন।
সদ্য বিদায়ী বছরের ২৬ জুন বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা হয়।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। ২ জুলাই মামলার প্রধান সন্দেহভাজন সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
মামলায় মিন্নিকে ১ নম্বর সাক্ষী করা হলেও রিফাতের বাবা পরে হত্যাকাণ্ডে পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুললে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মিন্নি হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন নিয়ে বাবার বাড়িতে আছেন।
গত ১ সেপ্টেম্বর মিন্নিসহ রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামি ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ।
প্রাপ্তবয়স্ক অপর আসামিরা হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।
এদের মধ্যে মুসা ছাড়া বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আদেশের সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

