মুজিববর্ষকে সেবাবর্ষ ঘোষণা জ্বালানি প্রতিমন্ত্রীর
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫০
নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়াই নতুন বছরের বড় কাজ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একইসঙ্গে তিনি বলেছেন, ‘মুজিববর্ষকে বিদ্যুৎ ও জ্বালানিখাতের সেবাবর্ষ হিসেবে ঘোষণা করতে চাই। এ জন্য আমাদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে।’ বুধবার (১ জানুয়ারি)
ইংরেজি নতুন বছরের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘গ্রাহকদের সেবার দিতে গেলে ডিজিটালাইজেশন করতে হবে। আর এজন্য অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে প্রি-পেইড মিটার স্থাপন করছি আমরা। সেটি এই বছরও চলমান থাকবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছর দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে যাবে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোয় বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের শেষে সবাই বিদ্যুৎ পাবে বলে আশা করছি।’

