ষড়যন্ত্রের রাজনীতি আর সফল হবে না : তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫১
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না। নির্বাচনই হবে সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি। বুধবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল আওয়ামী লীগ এবং দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’
গত এক বছরে তথ্য মন্ত্রণালয়ের অর্জন এবং এর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানাতে এদিন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী। এসময় বিএনপি নেত্রী সেলিমা রহমানের একটি বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘দেশবাসী ও আমরা বিগত ১১ বছর ধরে সরকার উৎখাতের হুমকি শুনে আসছি। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে, নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের দলকে সমর্থন না জানায়, তাহলে স্বাভাবিকভাবেই আমরা সরকারে থাকবো না। এছাড়া অন্য কোনও পথ তো নেই।’ তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে অতীতের মতো আর ষড়যন্ত্রের রাজনীতি সফল হবে না এবং সরকারকে বিদায় দেয়ার একটিই পথ-সেটি হচ্ছে নির্বাচন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘গত প্রায় একটি বছর আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি। বিগত বছরে অনেক কাজ আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। অনেকগুলো কাজ আমরা হাতেও নিয়েছি।’ এ প্রসঙ্গে তিনি আরো বলেন, কয়েক যুগে হয়নি বা এক যুগেও হয়নি এমন কাজ, যেমন ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর প্রচেষ্টা চালানো হয়েছিল কয়েক যুগ আগে থেকে, কিন্তু সেটি সম্ভবপর হয়নি। গত বছর ২ সেপ্টেম্বও থেকে দুরদর্শনের ফ্রি ডিশের মাধ্যমে সমগ্র ভারতে অফিসিয়ালি বাংলাদেশ টেলিভিশন প্রদর্শিত হচ্ছে। গত বছরে কয়েক মাসের মধ্যেই আমরা সেটা করতে সক্ষম হয়েছি।’ নতুন তথ্যসচিব কামরুন নাহার ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যমে নিবন্ধন দেয়ার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা সব রিপোর্ট এখনো পাইনি। পেলে খুব সহসাই কিছু অনলাইন নিবন্ধন পেয়ে যাবে।’

