ইউনাইটেডকে হারিয়ে কক্ষপথে ফেরার আভাস আর্সেনালের

ইউনাইটেডকে হারিয়ে কক্ষপথে ফেরার আভাস আর্সেনালের

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩২

পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রেখে দুর্দান্ত এক জয়ে নতুন বছরে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছে মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিক আর্সেনাল। তিন দিন আগে চেলসির বিপক্ষে ঘরের মাঠেই অনেকটা সময় এগিয়ে থেকে শেষ দিকে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছিল ‘গানার্স’ নামে পরিচিত দলটি। এবার আর ভুল করেনি তারা।

সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে শেষ ১৬ ম্যাচে তাদের এটি মাত্র দ্বিতীয় জয়। নতুন কোচ আর্তেতার অধীনে তৃতীয় ম্যাচে এসে জয় পেল দলটি। আর লিগে টানা দুই জয়ের পর ফের হারল উলে গুনার সুলশারের দল।

ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে পথচলা আর্সেনালের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল বেশ গোছালো। অষ্টম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। সেয়াদ কোলাশিনাচের কাটব্যাকে বল প্রতিপক্ষের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান নিকোলা পেপে। আট গজ দূর থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি এই ডিফেন্ডার।

৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। পেপের কর্নারে আলেকসঁদ লাকাজেতের আলতো হেড ঠিকমতো রুখতে পারেননি গোলরক্ষক। আলগা বল শূন্যে থাকা অবস্থায় কাছ থেকে জোরালো শটে জালে পাঠান গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলস।

দ্বিতীয়ার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও চাপ বাড়ায় ম্যাচে ফিরতে মরিয়া ইউনাইটেড। কিন্তু ব্যবধান কমাতে পারেনি তারা।

আসরে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ৬ জয় ও ৯ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠল আর্সেনাল।

১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে জেতা লেস্টার সিটি ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। দুই ম্যাচ বেশি খেলেছে তারা।

দিনের আরেক ম্যাচে এভারটনকে ২-১ গোলে হারিয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টারের সমান ২১ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৬।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading