আবর্জনার সঙ্গে ১৪ লাখ টাকা!
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৬
বাড়ি-ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। তা না হলে অনেক রোগ-জীবাণু নিজের অজান্তেই শরীরে বাসা বাঁধতে পারে। তবে পুরষ্কার করেত গিয়ে যদি কাজের জিনিসই ফেলে দেন তাহলে কেমন হয় বলুন তো। সম্প্রতি ইংল্যান্ডের বার্নহ্যাম সৈকত এলাকায় এক দম্পতি আবর্জনার সঙ্গে ফেলে দিয়েছেন প্রায় ১৪ লাখ টাকা। এই দম্পতি তাদের মৃত আত্মীয়র বাড়িতে পরিষ্কর-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেখানে তারা কিছু পুরনো বাক্স পান। কাজের কিছু নেই ভেবে সেগুলি রিসাইকেল সেন্টারে দিয়ে চলে আসেন। রিসাইকেল সেন্টারের কর্মী সেগুলি মেশিনে তোলার আগে খুলে দেখেন। দেখতে পান তার মধ্যে রয়েছে ১৫ হাজার ইউরো। চাইলে হয়তো তিনি সেগুলি পকেটস্থ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সেগুলি গচ্ছিত রেখে স্থানীয় অ্যাভন অ্যান্ড সামারসেট থানায় খবর দেন। পুলিশকর্মীরা সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। যে গা়ড়িতে করে বাক্সগুলির রিসাইকেল সেন্টারে পৌঁছে দেওয়া হয়েছিল তার নম্বর প্লেট দেখে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাদের জানানো হয় বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি জানিয়েছেন, যে বাড়ি থেকে তারা বাক্সগুলি পেয়েছিলেন, তার মালিক প্রায়ই এমন উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা লুকিয়ে রাখতেন। এই পুরনো বাতিল বাক্সগুলিতে জিনিসপত্রের নীচে লুকিয়ে রেখেছিলেন এই বড় পরিমাণের অর্থ। এমনকি তারা জানতেও না এই আত্মীয়ের কাছে এত টাকা ছিল। পুলিশ প্রাথমিক তদন্ত করার পর ওই টাকা দম্পতির হাতে তুলে দেয়। সেই সঙ্গে রিসাইকেল সেন্টারের কর্মীরও প্রশংসা করেছেন সততার জন্য। আর জনগণকে সচেতন করেছেন, এমন আবর্জনা, পুরনো জিনিস ফেলার আগে একবার অন্তত দেখে নেওয়া, দামি কিছু রয়ে গেল কিনা।

