নাগরিকে ভাবনার ‘গোল্লাছুট’
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫২
আগামী ৫ জানুয়ারি থেকে নাগরিক টেলিভিশনে সম্প্রচারিত হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’। মোহনা অডিও ভিজ্যুয়ালের ব্যানারে একটি কলোনির বাসিন্দাদের গল্প নিয়ে নির্মিত নাটকটি নির্মাণ করছেন পরিচালক মাতিয়া বানু শুকু। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে গত বুধবার (০১ জানুয়ারি) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক মাতিয়া বানু শুকু, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, অভিনেতা মাজনুন মিজান, অভিনেত্রী জেসিয়া ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে আশনা হাবিব ভাবনা বলেন, শুকু আপা খুব ভালো একজন নির্মাতা। সবসময় আমি তার কাজ করতে পছন্দ করি। ‘গোল্লাছুট’ নাটকে যারা অভিনয় করেছেন, সবাই দর্শকের পছন্দের অভিনেতা-অভিনেত্রী। তাছাড়া এর গল্পটাও খুব ভালো। মনে হচ্ছে দর্শক আমাদের নাটকটি পছন্দ করবেন।
মীর সামির গল্পে এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, মৌসুমি হামিদ, ফখরুল বাশার মাসুম, আশনা হাবিব ভাবনা, সাফা কবির, তৌসিফ মাহবুব, মাজনুন মিজানসহ অনেকে। আগামী ৫ জানুয়ারি থেকে প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার নাগরিক টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

