সিন্ডিকেটের জন্য বিদ্যুতের দাম বাড়ে: ড. মোশাররফ
উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩৬
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিন্ডিকেটের মুনাফার জন্য দফায় দফায় সরকার বিদ্যুতের মূল্য বাড়ায়। তিনি আরও বলেন, ‘দুর্নীতির কারণে বিদ্যুতের দাম বাড়ানো হয়। নৈরাজ্য, কমিশন ভাগাভাগি বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হয় না।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এই পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠান হয়।
এসময় বিএনপির নীতি নির্ধারণী ড. মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা খবর পেয়েছি, কেবিনেটে এনার্জি রেগুলেটরি কমিশনের আইনে সংশোধন আনা হয়েছে। এতে বলা হয়েছে- ‘সরকার প্রয়োজন মনে করলে বছরে একাধিকবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে পারবে।’ এই আগে বছরে একবার বাড়ানোর সুযোগ ছিল উল্লেখ করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই আইন সংশোধনের মানেই হচ্ছে একাধিকবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে সরকার।’
তার অভিযোগ, ‘কুইক রেন্টাল করে এখন বিদ্যুৎকেন্দ্রের ভাড়া গুণতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। গতবার কুইকরেন্টালগুলো উৎপাদন না করলেও ভাড়া দিতে হয়েছে ১৫ হাজার কোটি টাকা। এবছর দিতে হবে ২০ হাজার কোটি টাকা।’ আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগকে নিন্দা জানান বিএনপির এই নেতা।
সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা ড. মোশাররফ জানান, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি না- সিটি ভোটে সুষ্ঠু নির্বাচন করবে ইসি বা সরকার। আশা করি না-নিরপেক্ষ করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘জনগণের কাছে থাকতে, প্রমাণ করতে কোনও দিন নির্বাচন সুষ্ঠু হয় না, সে কারণে আমরা নির্বাচনে যাচ্ছি।’ এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

