কাউন্সিলর প্রার্থীদের ‘সুরক্ষা’ চাইলেন ইশরাক

কাউন্সিলর প্রার্থীদের ‘সুরক্ষা’ চাইলেন ইশরাক

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০

সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া কোনো কাউন্সিলর প্রার্থীকে যেন গ্রেপ্তার করা  না হয়, সেই দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ জন্য তিনি শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

পুরনো এক নাশকতার মামলায় বিএনপির বংশাল থানার সভাপতি এবং ঢাকা দক্ষিণের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিএনপি বলেছে, নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে তাদের জনপ্রিয় প্রার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক সাংবাদিকদের বলেন, কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কমিশনের কাছে একটা সুনির্দিষ্ট নীতিমালা চেয়েছি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, মেয়র প্রার্থী ইশরাক হোসেন আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়ে গেছেন, যাতে ওয়ারেন্ট ছাড়া কোনো প্রার্থীকে গ্রেপ্তার না করা হয়। আমরা উনাকে লিখিত অভিযোগ দিতে বলেছি, তা বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, আমরা সংশ্লিষ্টদের বলব, অতি উৎসাহী হয়ে কোনো কাজ করা যাবে না। পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার না করতে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক আছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading