সবজি সম্ভাবনাময় সেক্টর : কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সবজি আমাদের জন্য একটি সম্ভাবনাময় সেক্টর ও অর্থনীতির একটা বিশেষ দিক। এর মাধ্যমে আমরা রপ্তানি আয় বৃদ্ধি করতে পারবো। তিনি বলেন, শুধু গার্মেন্টসের ওপর নির্ভরশীল না হয়ে সরকার কৃষিসহ অন্যান্য সেক্টরকে এগিয়ে নিতে কাজ করছে। কৃষিকে বহুমুখীকরণ ও যান্ত্রিকীকরণ করতে হবে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে জাতীয় সবজি মেলা উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি’ প্রতিপাদ্যে পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। কৃষি সচিব মো: নাসিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। ‘পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ সবজি চাষ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. শাহাবুদ্দীন আহমদ। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
সেমিনারের বিশেষ অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ. মান্নান বলেন, অর্থনীতির মেরুদন্ড হচ্ছে কৃষি। এখন খাদ্য উৎপাদনই প্রধান এদিন এখন শেষ। এখন নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের দিন।
আবদুর রাজ্জাক বলেন, মাশরুম দেশের পাঁচ তারাকা হোটেলসহ বিদেশে বেশ চাহিদা রয়েছে, এর উৎপাদন বাড়াতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গিকারের মধ্যে ২টি কৃষির সাথে সম্পৃক্ত বলেও জানান কৃষিমন্ত্রী। মন্ত্রী বলেন, আলুতে আমাদের ৩০ থেকে ৪০ লাখ টন উদ্বৃত্ত। এ পরিস্থিতিতে আমাদের কৃষিকে যদি লাভজনক করতে হয়, এটাকে বহুমুখীকরণ করতে হবে।

