ঢাকায় আ.লীগের নির্বাচনী টিম: দক্ষিণের আমু, উত্তরে তোফায়েল
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনায় টিম গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে টিম লিডার করা হয়েছে দক্ষিণে আর তোফায়েল আহমেদকে উত্তরের দায়িত্ব দেয়া হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৩ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।
হানিফ বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের আগ্রহী সদস্যরা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি কমিটিতে থাকবেন। তাদের মধ্যে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি দুই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে দক্ষিণের ও ফারুক খানকে উত্তরের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হবে। এর মধ্যেই প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করেছে নির্বাচন কমিশিন। ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের পরদিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পর ভোটের প্রচার শুরু হবে। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত হিসেবে ঢাকা মহানগর দক্ষিণে শেখ ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলাম লড়বেন।

