ঢাকাকে ‘তিলোত্তমা’ নগরী করার প্লান আতিকুলের
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:৪৮
ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। তবে এ জন্য সবার সমান অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, এ জন্য জন-সাধারণকে সুনাগরিক হতে হবে। সুনাগরিক হলেই ঢাকা শহরকে আধুনিক, বাসযোগ্য ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার (৪ জানুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলন ২০২০ উদ্বোধনকালে আতিকুল ইসলাম এসব কথা বলেন।
সবাইকে সুনাগরিক হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল বলেন, ‘ঢাকা শহরকে সুন্দর করে সাজিয়ে তোলা কঠিন কাজ। যদি নগরীর সকল নাগরিকের সহযোগিতা পাওয়া যায়, তাহলে একটি সুন্দর শহর গড়া সম্ভব। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। সুন্দর দেশ গড়তে সুনাগরিকের কোনো বিকল্প নেই।’
ডিএনসিসির সদ্য সাবেক মেয়র আরও বলেন, ‘সুনাগরিকরা কোনোদিন যেখানে-সেখানে ময়লা ফেলতে পারে না। সুনাগরিকরা দেশের সবাইকে নিয়ে ভাবে, দেশের আইন মেনে চলে।’
আতিকুল বলেন, ‘আমার পরিবারের সবাই চাকরি করলেও, আমি চাকরি করিনি। আমার লক্ষ্য ছিল চাকরি করব না, চাকরি দেব। আমি ব্যবসা শুরু করেছি নিজ বাড়িতে ২০টি পুরনো মেশিন নিয়ে। এখন আমার ১২ হাজারেরও বেশি মেশিন আর ফ্যাক্টরিতে ১৯ হাজার ভাই-বোন কাজ করেন। উদ্যোক্তাদের আমি সম্মান করি। তবে আমাদের দেশে নারী উদ্যোক্তার সংখ্যা আরও বাড়াতে হবে।
সততা নিষ্ঠা একাগ্রতা থাকলে কেউ আপনাদের দাবিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।

