সৈকত নাসিরের ছবিতে ববি
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৫৪
জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ক্যাসিনো’ ছবির শুটিং নিয়ে। এতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী ও নিরব। এই ছবির সঙ্গে সঙ্গে নির্মাতা আরও একটি ছবির নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। যার নাম ‘আকবর : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’। সিনেহল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে উঠে আসবে ঢাকার গ্যাং কালচারের কিছু গল্প। এতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। তবে তখন জানাননি ছবির নায়িকার নাম। আর তাই নিয়ে সিনেমাপাড়ায় শুরু হয় নতুন জল্পনা। কে হচ্ছে এই ছবির নায়িকা। উঠে আসে বেশ কয়েকজন শিল্পীর নাম। অবশেষে নির্মাতা জানালেন, ‘আকবর : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি। গত মাসের শেষের দিকে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন তিনি। গানের শুটিংয়ের মধ্য দিয়ে আগামী ১৫ জানুয়ারি ছবিটির কাজ শুরু হবে। এ প্রসঙ্গে নায়িকা ববি একটি সূত্রকে বলেন, ‘সৈকত নাসির নির্ভরযোগ্য একজন নির্মাতা। তার কাজগুলো অন্যরকম। এতে আমি অভিনয় করবো সুলতানা চরিত্রে। সবকিছু মিলিয়ে আশা করি, দারুণ একটা কাজ হবে।’ রণক ইকরামের গল্পে ছবিটির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু আর সংলাপ লিখেছেন আসাদ জামান।

