কুমিল্লায় আখের গুড় তৈরিতে ব্যস্ত আখ চাষিরা

কুমিল্লায় আখের গুড় তৈরিতে ব্যস্ত আখ চাষিরা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০২

ঋতু পরিবর্তনের শুরুতে শীতের আমেজ বাড়ছে। আর শীত এলেই শুরু হয়ে যায় পিঠা-পুলির উত্সব আর আখের রস থেকে তৈরি সুস্বাদু গুড়। ইতোমধ্যেই গুড় তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছে কুমিল্লার আখ চাষিরা। কুমিল্লায় আখ চাষে মাটি ও আবহাওয়া বেশ উপযোগী হওয়ায় প্রতিবছরের ন্যায় এবারও কুমিল্লা আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, বরুড়া, মনোহরগঞ্জ ও চান্দিনা এসব উপজেলায় বাম্পার ফলন হয়েছে। আখ সংরক্ষিত রেখে দেন চাষিরা। শীত মৌসুমের শুরু থেকেই সংরক্ষিত আখ মাড়াই ও গুড় তৈরির কাজ শুরু করেন। আখ চাষে লোকসান নয়, মুনাফার মাত্রাটাই বেশি থাকে। আর তাই কুমিল্লা জেলায় এখনো যারা আখচাষে জড়িত রয়েছেন তাদের মুখে আখের স্বাদের মতোই মুনাফার মিষ্টি হাসি লেগে রয়েছে। কুমিল্লা জেলায় এবছর ৩৬০ হেক্টর জমিতে রঙ বিলাস, লতা বিলাস, পঞ্চান্ন ও ঈশ্বরদী ২০৮ প্রজাতির আখচাষ করা হয়েছে। পৌষ-মাঘ মাসে আখ থেকে ভালো রস পাওয়া যায়। এ সময় গুড় উত্পাদন হয় ভালো। পৌষের শুরুতেই কুমিল্লার কয়েক উপজেলায় চলছে আখের গুড় তৈরির হিড়িক। দেশের উত্তর ও পশ্চিম জনপদের অনেক শ্রমিকই এখন কুমিল্লায় আখ মাড়াই ও গুড় তৈরির কাজে নিয়োজিত রয়েছেন। কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা বিবির বাজারের গাজীপুর গ্রামের আখচাষি ইউসুফ মিয়া জানান, তিনি বেশ কয়েক বছর ধরেই আখ চাষ করছেন। মুনাফা বেশি হওয়ায় আখ চাষের প্রতি তার মনোনিবেশও বেশি। তিনি প্রায় ১০ একর জমিতে আখচাষ করেছেন। পৌষের শুরু থেকেই তিনি আখের গুড় তৈরি করছেন। ময়মনসিংহ, নাটোর, রাজশাহী, রংপুরের প্রায় ৮ জন কারিগর আখের রসের গুড় তৈরির কাজে নিয়োজিত রয়েছে। মাঘের মাঝামাঝি পর্যন্ত গুড় তৈরির কাজ চলবে। শক্ত গুড় ৮০ টাকা এবং ঝোলা গুড় ১শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়। বিবির বাজার ছাড়াও কুমিল্লা সদরের অরণ্যপুর ও শীমপুর গ্রামেও শীতের এ সময়ে জমজমাট হয়ে উঠেছে আখের গুড় তৈরির পরিবেশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading