আতিকুলকে ইসির শোকজ
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১৫
আচরণবিধি লংঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম সোমবার (৬ জানুয়ারি) আতিকুলের কাছে ওই নোটিশ পাঠান। নোটিশের জবাব দিতে দুই দিন সময় দেয়া হয়েছে আওয়ামী লীগ দলীয় এই মেয়র প্রার্থীকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এর পরে প্রতীক পেয়ে প্রচারে নামবেন প্রার্থীরা। এরমধ্যে রোববার (৫ জানুয়ারি) সকালে উত্তরায় আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন ওই ক্যাম্প উদ্বোধন করেন। প্রতীক পাওয়ার আগ পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী কার্যক্রম চালাতে পারবেন না। সংসদ সদস্যসহ মন্ত্রীদের স্থানীয় এই নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারে যাওয়ার সুযোগ নেই।
আতিকুলের নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের নির্দেশের একদিন পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো তাকে। আতিকুল নির্বাচনী আচরণবিধির ৫ ও ২২ ধারা লংঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটিতে এবারের নির্বাচনে সাবেক মেয়র আতিকুলের সঙ্গে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালসহ ছয়জন প্রার্থী।

