‘ওয়ানটাইম’ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্টের
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ১৫
দেশের হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও উপকূলীয় অঞ্চলে একবার ব্যবহারযোগ্য (ওয়ানটাইম) প্লাস্টিক পণ্যের ব্যবহার এক বছরের মধ্যে নিষিদ্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে পলিথিন ও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে বিদ্যমান আইনি নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকরের জন্য সরকারকে বাজার তদারকি, পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি জব্দ ও কারখানা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি গ্রহণ করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৬ জানুয়ারি) রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। সারাদেশে একবার ব্যবহারযোগ্য (ওয়ানটাইম) প্লাস্টিক পণ্যের নিরাপদ বিকল্প কী হতে পারে সে বিষয়ে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ণের নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এছাড়া পলিথিন ও প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধে বিদ্যমান আইনগত নিষেধাজ্ঞা কার্যকরে সরকারকে কেন ব্যর্থ বলা হবে না- রুলে তাও জানতে চেয়েছে আদালত।
পরিবেশ সচিব, শিল্প সচিব, বাণিজ্য সচিব, পানি সম্পদ সচিব, বেসামরিক ও পর্যটন সচিব, বস্ত্র ও পাট সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক ও রাপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের পর আইনজীবী রিজওয়ানা হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান। অ্যাডভোকেট রিজওয়ানা হাসান আরও বলেন, আদেশ বাস্তবায়নের বিষয়ে আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যে বিবাদীদের প্রতিবেদন দিতে বলেছে আদালত।
প্লাস্টিক সামগ্রীর উৎপাদন, বিক্রি, বিপণন, বিতরণ বন্ধের নির্দেশনা চেয়ে গত বছরের ১৭ ডিসেম্বর বেলাসহ ১১টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সংগঠন ওই রিট আবেদনটি করে। সে বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সোমবার আদেশ দিল।

