এপ্রিলে সুদ হার সিঙ্গেল ডিজিটে আসবে : প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, দ্রুত শিল্পায়ন ও বিনিয়োগের স্বার্থে ব্যাংকগুলো আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করবে। বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)’র একটি প্রতিনিধিদল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।
এসময় প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টে ২২৫ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ইতোমধ্যে যা বলেছেন তা আমি পুনরায় বলতে চাই না। আশা করি সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করা হবে। তা না হলে দেশে প্রত্যাশিত বিনিয়োগ হবে না এবং বিনিয়োগের ধারাও সংকটাপন্ন হবে।’ তিনি আরো বলেন, ‘আপনারা এর আগে যেসব দাবি করেছেন আমি তা পূরণ করেছি। কিন্তু আপনারা আপনাদের কথা রাখেননি। আশা করি, এবার অঙ্গীকারের ব্যত্যয় ঘটবে না। আপনারা তা বাস্তবায়ন করবেন।’
এর আগে বিএবি সভাপতি নজরুল ইসলাম বলেন, আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করা হবে। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

