ট্রাম্প, তুমি ভেব না সব শেষ: সোলাইমানির মেয়ে
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ১৫
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব বলেছেন, ট্রাম্প, তুমি ভেবো না, আমার বাবার শাহাদাতেই সব শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল জেনে রাখো, বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরও বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে।
সোমবার (৬ জানুয়ারি) ইরানের রাজধানী তেহরানে বাবার জানাজায় উপস্থিত হয়ে দেয়া বক্তব্যে জয়নাব সোলাইমানি এসব কথা বলেন। জেনারেল সোলেমানির মেয়ে আরও বলেন, গোটা বিশ্ব দেখছে ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তিনি বলেন, ট্রাম্প ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করেছে। তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে। পিতা হারানোর শোক বুকে চেপে মেয়ে জয়নাব বলেন, আমার বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।
এর আগে এক টিভি সাক্ষাৎকারে জয়নাব বলেছেন, তিনি নিশ্চিত লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও (সোলাইমানি) হত্যার প্রতিশোধ নেবেন।

