রোনালদোর হ্যাটট্রিকে জুভেন্টাসের জয়
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩০
ক্রিস্তিয়ানো রোনালদোর বছরের শুরুটা দারুণভাবে উপভোগ করল দর্শক। ইতালিয়ান সিরিআ লিগে জুভেন্টাসের হয়ে খেলতে নেমে পেলে গেলেন বছরের প্রথম হ্যাটট্রিক। ঘরের মাঠে কালিয়ারিকে ৪-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে দারুণ একটি মাইলফলকও গড়েন তিনি। মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে সিরিআ, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন পর্তুগাল অধিনায়ক। ম্যাচের আরেক গোলদাতা গনসালো হিগুয়াইন। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে প্রতিপক্ষের ভুল আর রোনালদোর চতুরতায় এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সের বাইরে কাইয়ারির ডিফেন্ডার ক্লাভান সতীর্থকে দুর্বল পাস দেন। পাশেই থাকা রোনালদো দারুণ ক্ষিপ্রতায় বল ধরে গোলরক্ষককে কাটিয়ে ঠিকানায় খুঁজে নেন। ৬০তম মিনিটে ম্যাচে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে ওঠে স্বাগতিকরা। দারুণ সুযোগও পেয়েছিল তারা। তবে জিওভান্নি সিমেওনের হেড ক্রসবারে লেগে ফিরে। ৬৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ডি-বক্সে পাওলো দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় জুভেন্টাস। ৮১তম মিনিটে হিগুয়াইন স্কোরলাইন ৩-০ করলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে যায় চ্যাম্পিয়নরা। বল পায়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ডান দিকে থেকে দগলাস কস্তার পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে ঠিকানায় পাঠান সময়ের অন্যতম সেরা ফুটবলার। ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে এটি তার ৫৬তম হ্যাটট্রিক। ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস।

