এই শীতে পশুপাখির অবস্থাও কাহিল

এই শীতে পশুপাখির অবস্থাও কাহিল

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ০০

শুরু হয়েছে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীতে মানুষের পাশাপাশি পশুপাখির অবস্থাও কাহিল হয়ে পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় জ্বর, খাবার অরুচিসহ নানা রোগে ভুগছে রংপুর অঞ্চলের গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণি। রংপুর প্রাণি সম্পদ অফিস সূত্র মতে, প্রতিটি জেলায় ৩৫ থেকে ৪০ লাখ গবাদি প্রাণি রয়েছে। সেই হিসেবে উত্তরাঞ্চলের ১৬ জেলায় গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণি রয়েছে প্রায় ৬ কোটি। অব্যাহত শীতে এসব প্রাণির অবস্থা সঙ্কটাপন্ন। নানা রোগ বালাইয়ের কারণে হ্রাস পাচ্ছে এদের প্রজনন ক্ষমতাও । ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় প্রথম শৈত্য প্রবাহ। এর রেশ কাটতে না কাটতেই ফের রবিবার থেকে আবার শৈত্য প্রবাহ শুরু হয়েছে।

শীতের দাপট থেকে বাঁচতে অনেক খামারি গরম কাপড় বা চটের বস্তা দিয়ে গবাদি পশুর দেহ ঢেকে রাখছে ।  অবশ্য প্রাণি সম্পদ বিভাগের দাবি, এ পর্যন্ত তারা কোন প্রাণির মৃত্যুর খবর পাননি। তবে সূত্র মতে, শীতে গামবোরো জাতীয় রোগে প্রচুর পরিমাণে ব্রয়লার, কক, সোনালি ও লেয়ার মুরগি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ রোগকে মুরগির এইডস বলা হয়। এছাড়া গরু মহিষের গলাফুলা রোগে প্রাণহানি ঘটতে পারে। এই রোগকে স্থান বিশেষে গলাফুলা,ব্যাংগা, ঘটু, গলগটু, গলবেরা রোগ বলা হয়।  এছাড়া শীতে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার ক্ষুরা রোগের আশঙ্কা রয়েছে। শীতের কারণে গরুর বাদলা ,ফ্যাসিওলিয়াসিস,তড়কাসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading