জয়ার অর্ধাঙ্গিনী’তে কৌশিক
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১৪
গত বছরের শেষে দিকে শোনা যায় ‘অর্ধাঙ্গিনী’ শিরোনামের নতুন ছবিতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি নির্মাণ করবেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। যার সঙ্গে জয়া অভিনয় করেছেন ‘বিসর্জন’ আর ‘বিজয়া’তে। এতে আরও এক কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কৌশিক গাঙ্গুলির স্ত্রীর চূর্ণী গাঙ্গুলিকে। কিন্তু তখনও চূড়ান্ত হয়নি যে, এতে নায়ক হিসেবে কে থাকছেন। অবশেষে প্রকাশ্যে এলো নায়কের নাম। নতুন এ ছবিতে জয়া-চূর্ণীর বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ার একাধিক সংবাদমাধ্যম। এদিকে নির্মাতা জানান, এই চরিত্র লেখার সময়ে তার ভাবনায় ছিলেন কৌশিক সেন। পরে চিত্রনাট্যর কাজ শেষ হলে তাকে ফোন করেন পরিচালক। সেসময় তিনি ছিলেন সিয়াটেলে। সেখান থেকেই ঠিক হয় শুটিংয়ের দিনক্ষণ। ছবিতে আরও অভিনয় করছেন অভিনেতা অম্বারিশ ভট্টাচার্য ও সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের ছেলে পুরব। ছবির গল্পে জয়া আহসান ও চূর্ণীকে শক্তিশালী ব্যক্তিত্বের মহিলা হিসেবে দেখা যাবে।
এদিকে কলকাতায় জয়ার সর্বশেষ ছবি ‘রবিবার’ মুক্তি পায় ২৭ ডিসেম্বর। এতে জয়া প্রথমবারের মত অভিনয় করেন প্রসেনজিৎ এর সঙ্গে। ছবিটি নির্মাণ করেন অতনু ঘোষ।

