লন্ডনে ফ্ল্যাট: হুদার স্ত্রী, ২ মেয়ের বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:০৪
পৌনে ৭ কোটি টাকা পাচার করে লন্ডনে দু’টি ফ্ল্যাট কেনার অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুর্নীতির অপর মামলায় দণ্ডিত নাজমুল হুদাকে এই দুই মামলায় আসামি করা হয়নি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে মামলা দুটি করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে প্রায় পৌনে ৭ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে মামলায়।
সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তিন লাখ ৮০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমপরিমাণ ৪ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা লন্ডনে পাচার করেন। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে তারা ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কিনেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে শ্রাবন্তী আমিনা হুদার সঙ্গে সিগমা হুদাকে যে মামলায় আসামি করা হয়েছে, তার এজাহারে বলা হয়েছে, তারা জ্ঞাত আয় বহির্ভূত দুই লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমপরিমাণ ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে ব্রিটেনে পাচার করেন। সেই অর্থে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনের হেলনি কোর্টের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন।

