শিল্পকলায় ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২০’
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২২
নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১২তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে শিল্পকলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব ২০২০’। নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হবে আগামী ১৪ জানুয়ারি থেকে। ‘ঐতিহ্যবাহী নাট্য আর দ্বৈতাদ্বৈতবাদী শিল্পদর্শন, সেলিম আল দীনের সৃজন-আভায় নবরূপে দেয় দরশন’ স্লোগানে উৎসবের প্রথম দিন (১৪ জানুয়ারি) নাট্যাচার্যের প্রয়াণদিবস সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে স্বপ্নদলের বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় ক্যাম্পাসস্থ পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধিসৌধ অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এরপর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে থাকবে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন-এর কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর মঞ্চায়ন। দ্বিতীয় দিন (১৫ জানুয়ারি )সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে রয়েছে বাদল সরকারের মূলরচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর ও নির্দেশনায় স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র প্রদর্শনী। উৎসবের সমাপনী দিন (১৭ জানুযারি) বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে থাকছে ‘ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতি, দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব ও সেলিম আল দীনের নাট্যদর্শন’ শীর্ষক বিশেষ সেমিনার। এত মূল আলোচনা উপস্থাপন করবেন জাহাঙ্গীননগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান। মঞ্চসারথী আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন নাট্যজন ড. সোমা মুমতাজ, নাট্যজন মান্নান হীরা, নাট্যজন কামাল বায়েজীদ, নাট্যজন মাসুম রেজা, নাট্যজন সাধনা আহমেদ, নাট্যজন অপূর্ব কুমার কুন্ড প্রমুখ। স্বাগত বক্তব্য দেবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।

