দেশে প্রকৃত গণতন্ত্র নাই: ড. কামাল
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:০০
গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা অনেক কষ্ট করে, যুদ্ধ করে, কত মূল্য দিয়ে দেশ স্বাধীন করলাম। কিন্তু আজ কী পেলাম? দেশে আজ ধর্ষণ, নির্যাতন, হত্যা এবং জনগণের জানমালের নিরাপত্তা নেই। এই দেশের মালিক দেশের জনগণ। দেশের মালিক কখনও চায় না দেশে নির্যাতন, হত্যা, ধর্ষণ হোক। প্রকৃত অর্থে আইনের শাসন এবং গণতন্ত্র থাকলে এসব হতো না। দেশে আইনের শাসন এবং প্রকৃত অর্থে গণতন্ত্র নাই।’
শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘পত্রিকা খুললেই দেখা যায় ঢাকা শহরসহ বিভিন্ন জেলায় ধর্ষণ-নির্যাতনের ঘটনা ঘটছে। স্বাধীনতার প্রায় ৫০ বছর হতে যাচ্ছে, আমরা উদযাপন করবো। কিন্তু দেশে আজ কেন এ ধরনের ঘটনা ঘটবে?’
সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় আমরা নতুন কোনও নাটক দেখতে চাই না।’ সিটি নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, ‘আমরা আগামী ৩০ তারিখের সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সবকিছুর জবাব আমরা আগামী ৩০ তারিখ দেবো।’
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

