বিশ্ব ইজতেমা: প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার

বিশ্ব ইজতেমা: প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:০২

ঈমান ও আখলাকসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা আর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন জীবিকা পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করে শনিবার (১১ জানুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার (১২ জানুয়ারি) দিনের প্রথম প্রহরে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে শরিক হতে শনিবার থেকেই রাজধানীর আশ-পাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়েছেন।

আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) দ্বিতীয় পর্বের বিশ্বইজতেমা শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫২তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বাদ ফজর থেকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ঈমান ও আখলাকসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর বয়ান করেন ইন্ডিয়ার মাওলানা আব্দুর রহমান। প্রতি বছরের ন্যায় এবারের বিশ্বইজতেমায় লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক-মহাসড়কের আশপাশে এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেকে। শৈত্য প্রবাহ, বৃষ্টি তথা বৈরী আবহাওয়া উপক্ষো করে ইজতেমা মাঠে ধর্মীয় আলোচনা শুনছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইন্ডিয়াসহ অর্ধশতাধিক দেশের দুই হাজার বিদেশি মেহমান বিশ্বইজতেমার প্রথম পর্বে উপস্থিত হয়েছেন।

শুক্রবার শুরু হওয়া ইজতেমার দ্বিতীয় দিনে শুধু তাবলিগ কর্মকাণ্ডের ওপর আলোচনা এবং জোটবন্দি হয়ে তাবলিগের ওপর আলোচনাকে গুরুত্ব দেয়া হয়। আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরেরবাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ইজতেমার আয়োজকরা জানান, শনিবার বাদ জোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা ইবরাহিম দেওলা বয়ান করেন। ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।

আয়োজকরা জানান, ইজতেমায় এসে শুক্রবার রাতে আরও চার মুসল্লি ইন্তেকাল করেছেন। এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এ পর্যন্ত ৯ জন মুসল্লি ইন্তেকাল করেছেন।

এদিকে, রোববার ভোর ৫টা থেকে বিমানবন্দর-গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়ায় ব্যারিকেড দিয়ে ইজতেমাসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে গাজীপুর মেট্রোপলিটান পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading