বিজয়ী হলে ঢাকাকে মাদকমুক্ত করব : তাপস
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:০৮
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিজয়ী হতে পারলে ঢাকা শহরকে মাদকমুক্ত করবো। এলাকাভিত্তিক সামাজিক সমস্যাগুলো সমাধান করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এই মেয়রপ্রার্থী।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ওয়ারীতে ঐতিহাসিক রোজ গার্ডেনে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস। এসময় ব্যারিস্টার তাপস আরও বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকাকে পুনরুজ্জীবিত করবো। আমরা ঢাকাকে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলবো।
প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে।
ঢাকার রাস্তা-ঘাটকে পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানোর আশ্বাস দিয়ে ঢাকার এই সাবেক এমপি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জনগণের সেবামূলক দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করা হবে। ঢাকায় বসবাসকারী মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা, শেখ ফজলুল হক মনির কনিষ্ঠ ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শনিবার দিনব্যাপী পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করবেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ তার সঙ্গে ছিলেন।

