বিএনপিকে মোকাবিলায় আমাদের ২ প্রার্থীই যথেষ্ট : কাদের
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ৩০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণায় বিএনপি প্রার্থীদের মোকাবিলায় আমাদের ক্লিন ইমেজের দুই মেয়র প্রার্থীই যথেষ্ট। তিনি বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী আচরণ বিধি লংঘন করেনি। আচরণ বিধি মেনেই প্রচারণা চালাবে।
ওবায়দুল কাদের রোববার (১২ জানুয়ারি) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু নির্দেশনা ছিল সেই নির্দেশনাগুলো বৈঠকে নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এ পর্যন্ত ৪৫ লাখ শীতবস্ত্র এবং ৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও এসময় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ দলের মনোনীত দুই মেয়র প্রার্থীর সমন্বয়ক হওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দল নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করতেই পারে। তারা তো প্রচার প্রচারণার জন্য বাইরে যাচ্ছে না। আমাদের কোনও মন্ত্রী-এমপি আচরণ-বিধি লঙ্ঘন করবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষ পালন করে যদি মানুষের মন জয় করা না যায়, তাহলে কি ভুয়া জন্মদিনে কেক কেটে মানুষের মন জয় করা যাবে? সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগের নতুন কমিটি আগামী ১৮ জানুয়ারি টুঙ্গীপাড়া যাবেন। সেখানে একটি যৌথসভা অনুষ্ঠিত হবে।

