ঢাকার সিটি নির্বাচন পেছানোর রিট কার্যতালিকা থেকে বাদ
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২০
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানির জন্য উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। পরে রিটকারী আইনজীবী বলেন, ‘রিটটি এই আদালতের শুনানির এখতিয়ারভুক্ত না হওয়ায় তা কার্যতালিকা থেকে বাদ দিয়ে অন্য বেঞ্চে উপস্থাপন করতে বলেছেন আদালত। তাই বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি জমা দিয়েছি। সোমবার (১৩ জানুয়ারি) এই বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য রাখা হবে বলে জানিয়েছেন আদালত।’
প্রসঙ্গত, সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য গত ৫ জানুয়ারি রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

