ক্যাসিনোকাণ্ড: খালেদের স্ত্রীসহ ৩ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২০
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার স্ত্রী সুরাইয়া আক্তার, খালেদের ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও মাসুদের স্ত্রী মনসুরা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে না আসায় তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত ২ ডিসেম্বর তাদেরকে তলবি নোটিশ পাঠিয়েছিল দুদক। সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম ওই নোটিশ পাঠান। এর আগে গত বছরের ২১ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খালেদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এর আগে ১৮ সেপ্টেম্বর খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। তখন তার কাছে একটি অবৈধ অস্ত্র পাওয়া যায়। এছাড়া খালেদের কাছ থেকে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ আরও দু’টি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার হয়। এসব মামলা বিচারাধীন। আর গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে বন্দি জীবন কাটাচ্ছেন এক সময়ের প্রতাপশালী এই যুবলীগ নেতা।

