মিরপুরে তাবিথের প্রচারণায় হামলার অভিযোগ
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ২০
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১২ জানুয়ারি) সকালে মিরপুরের শাহ্ আলী মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। প্রচারণা মিছিলে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ধানের শীষের মেয়র প্রার্থী তাবিথ।
হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেছেন তাবিথ আউয়াল। এদিন বেলা ১১টার দিকে মিরপুর মাজার রোড এলাকায় প্রচারণা চলাকালে এ হামলা চালানো হয় বলে জানান তিনি।
গণসংযোগকালে তাবিথ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তর ‘দুর্নীতিতে ভরে গেছে’। মেয়র নির্বাচিত হলে তিনি সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করতে চান। বিএনপি দলীয় মেয়রপ্রার্থী তাবিথ বলেন, পুলিশের মামলা হবে, হামলা হবে আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে। আমরা শত বাধা বিপত্তি উপেক্ষা করেও নির্বাচনী মাঠে থাকবো, ইনশাল্লাহ।
এদিন তাবিথের প্রচারণায় ছাত্রদল ও যুবদলের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

