৩ দিনের সফরে আবুধাবিতে প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গেছেন। সেখানে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিবেন তিনি। সরকারি সফরে রোববার (১২ জানুয়ারি) বিকেলে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বিকেল ৫ট ১০মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওয়ানা দেয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এছাড়া, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

