সুন্দরবন থেকে তিন হরিণ শিকারী আটক
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
বাগেরহাটে সংলগ্ন পূর্ব সুন্দরবন থেকে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ ও কোস্টগার্ড। পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকা থেকে রবিবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রলার, ৫০টি ফাঁদ, ২০০০মিটার সানদিয়া জাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮) ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, রাতে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকায় হরিণ শিকারীরা অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদে বনবিভাগ ও কোষ্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তাদেরকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে ট্রলারটি তল্লাশি করে ৫০টি ফাঁদ, দেশীয় ধারালো অস্ত্র, ২হাজার মিটার সানদিয়া জাল উদ্ধার করা হয়। এ ঘটনায় অবৈধ বনে অনুপ্রবেশ ও বন্যপ্রাণী শিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

