ছবির নাম পরিবর্তন, মোশাররফের সঙ্গে থাকতে পারে নুসরাত
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
কলকাতার ছবিতে কাজ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রায় নয় বছর পরে এ ছবি দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করবেন কলকাতার আবির চ্যাটার্জি। সেই ছবির নাম ‘ব্যবধান’। এ খবর পুরনো হলেও নতুন খবর হচ্ছে, ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম ‘ডিকশনারি’। আর ছবিতে যুক্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার পাশাপাশি ছবিতে কাজ করতে পারেন নুসরাত জাহানও। যদিও এ অভিনেত্রী এখনও চিত্রনাট্য পড়েননি। তাই চূড়ান্ত সম্মতি দেননি। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ব্রাত্যর ছবি। সিনেমায় দু’টি ছোট গল্পকে মিশিয়ে দেওয়া হবে।
একটি ট্র্যাকে থাকবেন মোশারফ এবং ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু। মোশারফ এক নব্য ব্যবসায়ীর চরিত্রে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভাল ভাবে পড়াশোনা শেখাচ্ছে। অন্য ট্র্যাকটি আবীর, পরমব্রত ও নুসরাতকে নিয়ে। সেখানে দম্পতি হিসেবে দেখা যেতে পারে আবীর-নুসরাতকে। পরে পরমব্রতের সঙ্গে নুসরাতের চরিত্রটির একটি সম্পর্ক তৈরি হবে। এর আগে ‘রাস্তা’, ‘তিস্তা’ ও ‘তারা’ পরিচালনা করেছিলেন ব্রাত্য। ‘ডিকশনারি’ তার পরিচালিত চতুর্থ ছবি। ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সূত্র: আনন্দবাজার

