দু’টি তারার চারপাশে ঘুরে বেড়াচ্ছে নতুন গ্রহ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১০
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ইন্টার্নশিপ করতে আসা ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী আবিষ্কার করল এক নতুন গ্রহ। যেটি দু’টি তারার চারপাশে ঘুরছে। এই গ্রহের দু’টি সূর্য। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘টিওআই ১৩৩৮বি’। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) মিশনে শিক্ষানবিশি করতে এসে উলফ কুকিয়ার নামের ওই শিক্ষার্থী এই গ্রহটি আবিষ্কার করেন। নতুন গ্রহটির ভর পৃথিবীর প্রায় সাত গুণ। পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে তার অবস্থান। যে দু’টি তারাকে কেন্দ্র করে এটি ঘুরছে, তার একটি সূর্যের থেকে প্রায় ১০ শতাংশ ব়ড়, অন্যটি সূর্যের এক তৃতীয়াংশ আকারের। এই তারাটি সূর্যের থেকে অনেক অনুজ্জ্বল বলে জানিয়েছে নাসা।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, উল্ফকে গবেষক ভেসেলিন কোস্তভের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। কোস্তভ জানিয়েছেন, এর আগে তিনি কোনও হাইস্কুলের ছাত্রের সঙ্গে কাজ করেননি, এটাই প্রথমবার যখন এত কম বয়সে কেউ তাঁর সঙ্গে কাজ করছে। তিনি আরও জানিয়েছেন, উল্ফের এই আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত। এর ফলে এই প্রোগ্রামে আরও গ্রহ খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এই গ্রহটি নিয়ে এখনও কিছু গবেষণা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নাসা। সূত্র: আনন্দবাজার

