৩০ জানুয়ারির নির্বাচন জীবনবাজির লড়াই: তাবিথ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ২০ঃ৫০
সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে আসা বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আগামী ৩০ জানুয়ারির নির্বাচন হবে ‘জীবনবাজির লড়াই’। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে গিয়ে তিনি ভোটারদের উদ্দেশে এ কথা বলেন।
এদিন সকালে উত্তর বাড্ডার রহমতউল্লাহ গার্মেন্টসের সামনে থেকে প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। পরে তিনি পশ্চিম পদরদিয়া, পূর্ব পদরদিয়া হয়ে সাতারকুল, ইসলামবাগ ও মগাইরে গণসংযোগ করেন। মগাইর বাজারে তাবিথ ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ৩০ জানুয়ারি হবে আমাদের জীবনবাজির লড়াই। আপনারা কোনো ভয়ভীতি না পেয়ে, মনের বিশ্বাস ও আমাদের ঐক্য একসাথে করে ৩০ জানুয়ারি আমাদের বিজয়ী করবেন।
বাড্ডার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী নবী হোসেন, আইয়ুব আনসার মিন্টু ও ১৪ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে আনারস প্রতীকের প্রার্থী সালেহা ইসলামকে ভোট দিতেও অনুরোধ করেন ধানের শীষের প্রার্থী তাবিথ। উত্তর বাড্ডার বিভিন্ন এলাকার সঙ্গে প্রগতি সরণির যোগাযোগ ব্যবস্থা এখনও ‘নাজুক’ রয়েছে জানিয়ে উল্লেখ করে মেয়র নির্বাচিত হলে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

