গঙ্গুবাই রূপে সামনে এলেন আলিয়া
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৬
বলিউডের স্বনামধন্য নির্মাতা সঞ্জয় লীলা বানশালির নায়িকা হয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন আলিয়া ভাট। ছবির নাম ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’। এতে মাফিয়া সম্রাজ্ঞী চরিত্রে দেখা যাবে আলিয়াকে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) ছবিতে আলিয়ার লুক প্রকাশ করা হয়েছে। বানশালি প্রোডাকশনের টুইটারে আলিয়ার লুক প্রকাশ করে বলা হয়েছে, শক্তি, ক্ষমতা ও ভয়! একটি লুক, হাজারো আবেগ। গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবির প্রথম ঝলক।
বলিউডে ‘হাইওয়ে’ ও ‘গাল্লি বয়’র মতো ছবিতে কাজ করে প্রশংসিত হয়েছেন আলিয়া। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন-সহ অনেকেই আলিয়ার লুকের প্রশংসায় কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এ ছবিটিও তার ক্যারিয়ার অন্যতম সেরা ছবি হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ তৈরি হচ্ছে হুসেন জাইদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে। পেশায় যৌনকর্মী হিসেবে শুরু করে এক সময়ে মাফিয়া বস হয়ে মুম্বাইয়ের আন্ডারওয়র্ল্ডে দাপটে রাজত্ব করতেন গঙ্গুবাই। বাস্তবের সেই চরিত্রকেই পর্দায় জীবন্ত করে তুলবেন আলিয়া। সে জন্য অভিনেত্রীকে শিখতে হয়েছে মরাঠি ভাষার কথ্য গালিগালাজও। চিত্রনাট্যে দেখানো হচ্ছে, গঙ্গুবাইয়ের বিভিন্ন বয়স। কমবয়সি এবং পরিণত বয়সের দু’টি লুকই প্রকাশ করা হয়েছে। কমবয়সি গঙ্গুবাইয়ের পরনে স্কার্ট-ব্লাউজ, ফিতে দিয়ে বাঁধা দু’টি বেণী আর ‘অ্যাকসেসরি’ বলতে সামনে রাখা একটি পিস্তল। পরিণত লুকে আলিয়া পুরোদস্তুর মরাঠি রমণী। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর।

