জায়রাকে হেনস্তা, ব্যবসায়ীকে তিন বছরের জেল
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২২
২০১৭ সালে দিল্লি-মুম্বাই এয়ার ভিস্তারা ফ্লাইটে হেনস্তার শিকার হন ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। এরপর তিনি আদালতের দারস্থ হন। প্রায় ২ বছর পর গত বুধবার (১৫ জানুয়ারি) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের আওতায় অভিযুক্ত ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। অভিযুক্ত ইন্ডিয়ান ব্যবসায়ী বিকাশ সচদেবকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মুম্বাই সেশনস কোর্ট। অভিযোগে জায়রা আদালতকে বলেন, মুম্বাই যাওয়ার পথে আধো ঘুমের মধ্যে তিনি টের পান পেছনের আসনে বসা একজন মধ্যবয়স্ক মানুষ তার পিঠে এবং ঘাড়ে পা দিয়ে ক্রমাগত স্পর্শ করছেন। ৫ থেকে ১০ মিনিট ধরে এমন অস্বস্তিকর অবস্থা চলে। ফোনে ওই ব্যক্তির ছবি তোলার চেষ্টা করলেও আলো কম থাকায় তা হয়নি। এ ঘটনার পর জায়রা ওয়াসিম ইনস্টাগ্রামে তার অভিজ্ঞতা বর্ণনা দিয়ে পোস্ট দিলে তার সেই পোস্টটি ভাইরাল হয়। সেসময় ফ্লাইট থেকে নামার পরই জায়রা একটি ভিডিও ধারণ করেছিলেন। ওই ভিডিওর সহায়তায় ব্যবসায়ী বিকাশ সচদেবকে চিহ্নিত করে পুলিশ তাকে গ্রেপ্তর করে। ইন্ডিয়ান দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি জায়রা প্রাপ্তবয়স্ক না হওয়ায় পকসো ধারাতেও অভিযোগ দায়ের হয়।

