মারা গেলেন কোহলিদের ‘সুপারফ্যান’
উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৮
ইন্ডিয়ান ক্রিকেট দলের ‘সুপারফ্যান’ চারুলতা প্যাটেল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইন্ডিয়ার খেলা মাঠে বসে দেখেছেন চারুলতা। এর আগে ১৯৮৩ সালের ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের ম্যাচটিও মাঠে গিয়ে উপভোগ করেন ভারতীয় ক্রিকেটের এ সুপারফ্যান। ২০১৯ সালে ইন্ডিয়ার ম্যাচ মাঠে বসে দেখার পর বিরাট কোহলির সঙ্গেও দেখা করেন চারুলতা।
কোহলি ক্রিকেট পাগল এ বৃদ্ধার সঙ্গে দেখা করার পর এক বার্তায় বলেন, ‘প্রিয় চারুলতা জি, আপনি আমাদের অনুপ্রেরণা। ইন্ডিয়ান দলের প্রতি আপনার ভালোবাসা-অনুরাগ অতুলনীয়। আশা করি পরিবারকে সঙ্গে নিয়ে খেলা উপভোগ করেছেন।’ পরবর্তীতে টুইটারে এক বার্তায় চারুলতা প্যাটেলকে সুপারফ্যান আখ্যা দিয়ে কোহলি বলেন, ‘চারুলতা প্যাটেল জি’র বয়স সম্ভবত ৮৭। আমার দেখা সবচেয়ে বয়স্ক এবং নিবেদিত ক্রিকেটপ্রেমি তিনি। বয়স তার কাছে শুধু একটি সংখ্যা।’ গত বুধবার (১৫ জানুয়ারি) এ সুপারফ্যানের মৃত্যুতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টুইটারে এক শোকবার্তায় লিখে, ‘সুপারফ্যান চারুলতা জি সবসময় আমোদের মাঝে বেঁচে থাকবেন। ক্রিকেটের প্রতি তার যে নিবেদন, এটি আমাদের আরো অনুপ্রাণিত করবে।’

